আজকাল ওয়েবডেস্ক: লজ্জার হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া সফরের আগে চাপ বাড়াল ভারতের উপরে। অজিভূমে প্রথম টেস্টে কি নামতে পারবেন হিটম্যান? ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে পারথে।
রোহিত শর্মাকে নিয়ে গুঞ্জন তীব্র। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ভারত অধিনায়ক। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো রোহিত শর্মাকে পাওয়া যাবে না। জিও সিনেমায় ধারাভাষ্য দেওয়ার সময়ে অভিনব মুকুন্দ জানিয়েছেন রোহিতকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন সত্যি। তাঁর ও ঋতিকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সেই কারণেই স্যার ডনের দেশে হতে চলা সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত। এদিন তৃতীয় টেস্টের শেষে রোহিতকে তা নিয়ে প্রশ্ন করা হলে হিটম্যান বলেন, ''যেতে পারব কিনা, সেই ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই।''
রোহিত শর্মাকে না পাওয়া ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা। চুনকামের লজ্জার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান খুইয়েছে ভারত। নেমে গিয়েছে দু' নম্বরে। অস্ট্রেলিয়ার মাটিতে চারটিতে জয় এবং একটি ড্র দরকার। তাহলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়া খুবই কঠিন, সেখানে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে জয় একপ্রকার অসম্ভব কাজ।
রোহিত শর্মা শেষ পর্যন্ত যদি নেতৃত্ব দিতে নাই পারেন, তাহলে তাঁর জায়গায় বুমরাহকে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে।












