আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ? এদিকে ত্বক নির্জীব! নেই পার্লারে যাওয়ার সময়! কী করবেন? 
বিয়ের মরশুমে সাজ নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করেন সকলেই। কিন্তু সারাদিন অফিস করে বিয়েবাড়ি যাওয়া বেশ মুশকিল। কারণ চোখে মুখে লেগে থাকে ক্লান্তির ছাপ। সেক্ষেত্রে কার্যকরী হতে পারে এই সহজ মেকআপ হ্যাকগুলো।
বরফের ঠাণ্ডা জল নিন। ল্যাপটপে কাজ করে চোখের নীচে যে ফোলা ভাব তৈরি হয়েছে সেটি কমাতে এই ম্যাজিক জল ব্যবহার করুন। বরফ ঠান্ডা জলে একটি পরিষ্কার কাপড় ডুবিয়ে রাখুন। ১০ মিনিটের জন্য, আপনার চোখের উপর ঠান্ডা কাপড়টি রেখে দিন। চোখের ফোলাভাব কমবে নিমেষেই।  
রেডি-টু-ইউজিং ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করুন। পার্লারে যাওয়ার সময় না থাকলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এটিই হল সহজ উপায়।মসৃণ, ত্বকের জন্য ওয়াক্সিং স্ট্রিপ খুবই ভাল। এগুলো গরম করার দরকার পড়ে না। আর নিমেষেই ত্বক সতেজ দেখায়। 
সাজের জন্য আপনার কাছে আই শ্যাডো ও ব্লাশার নেই? কোনও হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। গালে অল্প লাগিয়ে পাউডার দিয়ে ভাল করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। চোখের ওপরেও দিন। এক্ষেত্রে আপনি লিপলাইনারও ব্যবহার করতে পারেন। আইশ্যাডো ভাল করে মিশিয়ে নিয়ে কাজল পরুন। ন্যাচারাল মেকআপের জন্য এইটুকুই যথেষ্ট।
অনুষ্ঠানে সাবেকি পোশাকে সেজেছেন , চাইছেন একটি টিপ পরে সাজ সম্পূর্ণ করতে। এদিকে বাড়িতে নেই টিপ। সেক্ষেত্রে ব্যবহার করুন কাজল পেন্সিল। অথবা ছোট সিঁদুরের টিপও পরতে পারেন। 
সব শেষে, মানানসই গয়না পরতে ভুলবেন না।