নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'রামপ্রসাদ' ধারাবাহিকে দর্শক দেখেছেন সব্যসাচী চৌধুরী এবং পায়েল দে কে। 'মা কালী'র চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে এবং 'রামপ্রসাদ'-এর চরিত্রে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে। এই ধারাবাহিকের পর নতুন ওয়েব সিরিজে আবারও দেখা যেতে চলেছে দু'জনকে।

ধারাবাহিকের পর 'ন্যাড়া ছাদের গপ্পো' ইউটিউব চ্যানেলে গল্প পাঠ করেছেন পায়েল, এই বিশেষ কাজের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সব্যসাচী চৌধুরী নিজেও। এবার স্বাধীনভাবে নিজেদের কাজ শুরু করলেন সব্যসাচী ও পায়েল। তাঁদের এই কাজে যুক্ত রয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং হয়ে গেছে এই বিশেষ ওয়েব সিরিজের। স্বাধীন কাজ হওয়ায় অনেক কষ্ট করে হলেও দারুণ ভাবে সম্পূর্ণ হয়েছে সবকিছু। তবে কোথায় দেখা যাবে এই ওয়েব সিরিজ? তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে সব্যসাচী চৌধুরীকে 'ভাগাড়' ওয়েব সিরিজে দেখেছেন দর্শকেরা। অন্যদিকে পায়েল দে'কে দেখা গিয়েছে 'ইন্দু' এবং 'গোরা' ওয়েব সিরিজে। তবে প্রথমবার এই দুই তারকাকে একই ওয়েব সিরিজে দেখতে চলেছেন দর্শক। বেশ কিছুদিনের বিরতি নিয়ে 'রামপ্রসাদ' ধারাবাহিকে কাজ শুরু করেন সব্যসাচী, তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর 'ন্যাড়া ছাদের গপ্পো' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা, নানান ধরনের নতুন কাজ করছে এই দল। তার মধ্যেই অন্যতম এই নতুন ওয়েব সিরিজের কাজ। তবে এই কাজ নিয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।