সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলা হওয়ায় তটস্থ বি-টাউন।‌ যেদিন সইফের উপর আক্রমণ হয়, সেদিন নাকি নৈশপার্টিতে মত্ত ছিলেন করিনা। এই খবর ছড়িয়েছিল প্রথমে। যদিও পরে তদন্তের রিপোর্টে জানা যায়, সেদিন সইফ-করিনা একসঙ্গেই বাড়িতে ছিলেন। তবুও স্বামীর উপর হামলা হওয়ায় নিজের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন এনেছেন বেবো।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বর্তমানে আমি দেখি একের পর এক অভিনেতা সাফল্যের পিছনে দৌড়াচ্ছে। আমি মনে করি সৌভাগ্যক্রমে আমি এই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন আমার নির্দিষ্ট সময়সূচী রয়েছে। আমি সন্ধে ছ'টার সময় রাতের খাবার খেয়ে ফেলি এবং রাত সাড়ে ন'টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কারণ আমি খুব সকালে উঠে ব্যায়াম করি। এখন খুব একটা পার্টিতেও যাই না। আমার বন্ধুরাও এখন আমার কাছ থেকে খুব একটা বেশি কিছু আশা করে না। তাঁরা জানে যে আমি আমার বাড়িতে খুব ভলিউম দিয়ে টিভি দেখছি।"

 


কিন্তু হঠাৎ এই পরিবর্তনের কী কারণ? করিনা জানান, সুস্থ জীবনযাপনের জন্য এই পথ বেছে‌ নিয়েছেন তিনি। সইফের উপর হামলার পর থেকে বদল এসেছে পাতৌদি পরিবারের জীবনযাত্রায়। দুই ছেলে তৈমুর ও জেহ-কে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সইফ-করিনা। বেড়েছে তাঁদের নিরাপত্তাও।