নিজস্ব সংবাদদাতা: যত দিন যাচ্ছে 'গীতা'র জীবনে শত্রু সংখ্যা বাড়ছে। বারবার শত্রুদের পরাজিত করলেও এবার কি হার মানতে হবে তাকে? স্টার জলসার 'গীতা এলএলবি' ধারাবাহিকে রথ যাত্রার বিশেষ পর্বে মৃত্যুর মুখোমুখি 'গীতা'।

'গীতা এলএলবি' ধারাবাহিকে রথ যাত্রার বিশেষ পর্বের শুটিং হল এদিন। যেখানে বহুদিন পর মুখার্জী পরিবারকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শক। রথযাত্রার আনন্দে মাতোয়ারা 'স্বস্তিক', 'গীতা'ও। বিয়ের পর প্রথম রথযাত্রা জুটির। এর মধ্যেই 'গীতা'র উপর গুলি চালিয়ে সব সমস্যার সমাধান করতে চাইছে 'ভজন'। আবারও গুন্ডাদের সঙ্গে চরম হাতাহাতি করতে দেখা যাবে 'গীতা'কে। শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। শুটিংয়ের মাঝে মেকআপ রুমে খোস মেজাজে পাওয়া গেল নায়ক, নায়িকাকে। 'গীতা' ওরফে হিয়ার কথায়, "স্বস্তিকা এখন পাশে আছে, তাই আর ভয় পাচ্ছি না।" 'গীতা'র মুখে প্রথমবার আই লাভ ইউ শোনার অভিজ্ঞতা কেমন ছিল? স্বস্তিক ওরফে কুণাল বলেন, "এই দৃশ্যের শুটিং করতে গিয়ে সত্যিই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, খুব প্রিয় দৃশ্য আমার, ফাইনালি স্বস্তিকের অপেক্ষার অবসান।"

ছোটবেলায় রথের দিন কীভাবে কাটতো হিয়া ও কুণালের? হিয়া বলেন,"রথের দড়ি টানার জন্য লাইন দিতাম, এছাড়াও জিলিপি, পাপড় ভাজা তো ছিলই। এখন একটু মিস করি।" কুণালের কথায়, "আমি ছোটবেলা থেকে হোস্টেলে থেকেছি। রথ টানলেও এতটা আনন্দ কখনও করতে পারিনি।" বাস্তবে রথের দিন সকলেই মজা করলেও পর্দায় 'গীতা'র সঙ্গে ঠিক কী হতে চলেছে? তা জানার জন্য অবশ্যই দেখতে হবে 'গীতা এলএলবি'র মহাপর্ব।