সংবাদ সংস্থা মুম্বই: কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কশ্যপকে 'শিরদাঁড়াহীন মানুষ' বলেছিলেন অভিনেতা পঙ্কজ ঝা। এবার অভিনেতাকে‌ একেবারে নিজস্ব মেজাজে পাল্টা জবাব দিয়ে চুপ করিয়ে দিলেন অনুরাগ।

'পঞ্চায়েত' সিরিজে 'বিধায়ক'-এর চরিত্রে অভিনয় করে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পঙ্কজ ঝা। তিনি দাবি করেছিলেন, 'গ্যাংস ওফ ওয়াসেপুর' ছবিতে 'সুলতান' চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে কিছুদিন পর তিনি জানতে পারেন সেই চরিত্রটিতে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী। 'পঞ্চায়েত' অভিনেতা আরও জানান, তাঁকে না জানিয়েই নাকি এই কাণ্ড ঘটেছিল। এই সূত্রেই 'গ্যাংস ওফ ওয়াসেপুর'-এর পরিচালককে 'শিরদাঁড়াহীন' বলেন পঙ্কজ।
পঙ্কজ ঝা-এর এই মন্তব্য শোনার পর এবার মুখ খুললেন অনুরাগ। তিনি বলেন, "ও আমার পরিচালনায় একাধিক ছবিতে কাজ করেছে। তবে 'গ্যাংস ওফ ওয়াসেপুর'-এর সময় একেবারে ঠিক কী হয়েছিল, তা আমার মনে নেই। তবে এটুকু মনে আছে খুব কম বাজেটে আমরা সেই ছবির শুটিং শুরু করেছিলাম। ফলে হাতে সময়ও কম ছিল। ওঁকে (পঙ্কজ ঝা) সেই সময় যোগাযোগ করা যাচ্ছিল না। আর আমাদেরও এত আর্থিক আনুকূল্য ছিল না যে ওঁর জন্য বসে থাকতে পারি। তাই পঙ্কজ ত্রিপাঠীর কাছে 'সুলতান' হওয়ার প্রস্তাব যায়। তবে এতদিন পর এখন যদি ও ভাবে যে সেই সুযোগটা পেলে ও আজকের পঙ্কজ ত্রিপাঠীর মতো হয়ে যেত, তাহলে কিছু বলার নেই।

অনুরাগ আরও বলেন, "পঙ্কজ ঝা-এর সঙ্গে আমি ভবিষ্যতেও কাজ করতে চাইব। ওঁকে নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা ভালই। তবে মুশকিল হচ্ছে ওঁকে যোগাযোগ করলে পাওয়া যায় না!"