সংবাদসংস্থা মুম্বই: প্রায়শই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত জীবন। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধ, সাংসারিক ঝামেলা জায়গা করে নিয়েছিল সংবাদমাধ্যমে। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আলিয়া। পাল্টাচ্ছে জবাব দিয়েছিলেন নওয়াজও। খাদের ধারে পৌঁছে গিয়েছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক। তবে বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আগে ফের এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন তাঁরা। সম্প্রতি নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করেছেন তাঁরা। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তারকার স্ত্রী।

তবে বিয়ে নিয়ে এবার উল্টো সুর শোনা গেল নওয়াজের গলায়। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নওয়াজ স্পষ্ট ভাষায় জানালেন, তিনি বিয়ে নামক বিষয়টির বিরোধী। 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবির অভিনেতার কথায়, "পরস্পরকে ভালবাসে এমন দু'জন মানুষের বিয়ে করা একেবারেই উচিত নয়! বিয়ে না করলেই ভালবাসা অটুট থাকে। বিয়ের পর তাঁদের মধ্যে ধীরে ধীরে সেই ভালবাসাটা মরে যায়"।

এখানেই থামেননি নওয়াজ-" আমার কথাকে হয়তো ভুল বুঝতে পারেন মানুষ। আমি শুধু বলতে চাই, বিয়ে করার প্রয়োজনটা কী? যদি দু'জন মানুষ পরস্পরের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন তা হলে বিয়ে করা ছাড়াও সেই ভালবাসা দিব্যি বেঁচেবর্তে থাকে। বরং বিয়ে করলেই একটু গোলমাল হয়ে যায়। তখন এই দু'জন দু'জনকে গুরুত্ব দেয় না সেভাবে। তারপর তাঁদের গল্পে সন্তানেরা চলে আসে। পুরো ছবিটাই বদলে যায়‌"। এরপর এই বলি-তারকার অনুরোধ, " যদি একজন মানুষ চায় তাঁর ভালবাসার মানুষটিকে আজীবন ভালবাসতে এবং অপর পক্ষও তাই চায়, তা হলে কখনই তাঁদের বিয়ে করা উচিত নয়!"
বক্তব্যের একেবারে শেষে 'বজরঙ্গী ভাইজান' ছবির অভিনেতার বিস্ফোরক মন্তব্য-" আমরা মনে করি স্ত্রীদের মধ্যেই রয়েছে সব সুখের চাবিকাঠি। কিন্তু তা হয় না। একটা সময়ের পর একমাত্র নিজেদের কাজ থেকেই আনন্দ পাওয়া যায়!"